উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১৮:৫০
কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার পাকিস্তানে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটও ২৫-২০ ব্যবধানে নিজেদের করে নেয় দলটি। তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জিতে কোনো সেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপ পর্বেও উজবেকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নকআউট পর্বেও একই প্রতিপক্ষকে সহজেই পরাস্ত করে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেল দলটি। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারায়। একমাত্র হার আসে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।