Advertisement
Us Bangla Airlines
নিজ দেশেই ‘অ্যাওয়ে সিরিজ’ খেলবে ভারত!

নিজ দেশেই ‘অ্যাওয়ে সিরিজ’ খেলবে ভারত!

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ১৯:০৮

ভারতের মাটিতেই স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী সেপ্টেম্বরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজে ‘হোম’ দল বা স্বাগতিক হিসেবে থাকবে আফগানিস্তান। ক্রিকেটে নিজ দেশে ‘অ্যাওয়ে সিরিজ’ খেলা বিরল ঘটনা।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মূলত রাজনৈতিক অবস্থার কারণে নিজ দেশে সিরিজ আয়োজন করতে পারে না আফগান ক্রিকেট বোর্ড।

ফলে দিল্লিতে ভারতকে সফরকারী হিসেবে মোকাবিলা করবে আফগানিস্তান। এর আগে আফগানিস্তান নিজেদের হোম ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে খেলেছে। লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় তারা হোম সিরিজ আয়োজন করলেও ভারতের বিপক্ষে কখনোই এই অভিজ্ঞতা হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ভারতের জন্য শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ ও এশিয়ান গেমসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর ১৩ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তান সিরিজ। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হবে এশিয়ান গেমস।

এর আগে জুনে আফগানিস্তান ভারতের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সেই সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে জয় পায় ভারত। পরে ওয়ানডে সিরিজেও আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় তারা।

এমআই