জাতীয় দলে ফিরতে সাব্বিরকে যা করতেই হবে
খেলা ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৯:৩২
বাংলাদেশ দলে একজন নির্ভরযোগ্য ফিনিশারের খোঁজ অনেক দিনের। টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে, ইনিংসের শেষ দিকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাটারের অভাব বারবার ভুগিয়েছে দলকে। সেই শূন্যতাই নতুন করে সুযোগ এনে দিয়েছে সাব্বির রহমানের সামনে। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নিজের পুরোনো রূপ দেখাতে পারলেই জাতীয় দলে ফেরার পথ অনেকটাই সহজ হয়ে যাবে তার।
৩৪ বছর বয়সী সাব্বিরও জানেন, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। কারণ, তিনি আরও কয়েক বছর জাতীয় দলের হয়ে খেলতে চান। সেই লক্ষ্য পূরণে টপ এন্ড টি-টোয়েন্টিই হতে পারে তার সবচেয়ে বড় পরীক্ষা।
সাব্বিরের সবচেয়ে বড় শক্তি ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার সামর্থ্য। একসময় সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার ছিলেন তিনি। হার্ডহিটার ব্যাটার হিসেবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। কিন্তু অফফর্ম ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এই ডানহাতি ব্যাটার।
দলের বাইরে থাকলেও থেমে থাকেননি সাব্বির। ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল এবং বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন। তবে ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে জাতীয় দলের দরজা আর খোলেনি।
এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। টি-টোয়েন্টিতে শামীম পাটোয়ারী মাঝেমধ্যে ফিনিশারের দায়িত্ব পালন করলেও ধারাবাহিক হতে পারেননি। ওয়ানডেতে সাত নম্বর পজিশনেও এখনো স্থায়ী সমাধান পায়নি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে ওই ভূমিকায় খেলিয়েও প্রত্যাশিত ফল মেলেনি। ফলে শেষের ওভারে বড় শট খেলার দক্ষতা থাকা একজন ব্যাটারের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
সেই জায়গাতেই এগিয়ে আছেন সাব্বির। টপ এন্ড টি-টোয়েন্টিতে যদি তিনি ধারাবাহিকভাবে দ্রুত রান করতে পারেন এবং ফিনিশারের ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে ওয়ানডেতে সাত নম্বর ব্যাটার এবং টি-টোয়েন্টিতে ফিনিশার—দুই ভূমিকাতেই নির্বাচকদের ভাবনায় জায়গা করে নিতে পারেন।
সাব্বিরের জাতীয় দলে ফেরার সমীকরণ খুব কঠিন নয়। তাকে শুধু প্রমাণ করতে হবে, শেষের ওভারে বাংলাদেশের সবচেয়ে কার্যকর ব্যাটার হওয়ার সামর্থ্য এখনো তার আছে। অস্ট্রেলিয়ার মাটিতে সেই প্রমাণ দিতে পারলেই আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সম্ভাবনা উজ্জ্বল হবে তার।
এমআই