টেস্টে ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। শেষটা অবশ্য রাঙাতে পারেনি ব্যাটিং ব্যর্থতায়। ম্যাকাই টেস্টে দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবু অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে প্রথমবার টেস্টে হারানোর পুরস্কার মিলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে।
ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর রোববার দলীয় টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নতুন উচ্চতায় উঠেছে টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ই মূলত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই উত্থানের পথ তৈরি করেছে। ম্যাকাইয়ে জিততে পারলে রেটিং পয়েন্টে আরও বড় লাফ দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে দ্বিতীয় টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হার সেই সম্ভাবনা থামিয়ে দেয়।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উত্থানের সঙ্গে এক ধাপ করে অবনতি হয়েছে পরের তিন দলের। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এখন সাত নম্বরে। পাকিস্তান ৭৫ পয়েন্ট নিয়ে আটে। ৭৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয় নম্বরে।
তবে ছয়ে বাংলাদেশের অবস্থান কতটা স্থায়ী হবে, তা নিয়ে থাকছে প্রশ্ন। কারণ রেটিং পয়েন্টের ব্যবধান খুবই কম। বাংলাদেশের সঙ্গে সপ্তম থেকে নবম স্থানে থাকা তিন দলের ব্যবধান সর্বোচ্চ মাত্র চার পয়েন্ট।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়া আছে এক নম্বরে। এরপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।
এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পরই এই সাফল্য এসেছিল।
এমআই