সেকেন্ড ডিভিশন থেকে জাতীয় দলের দুয়ারে রুবেল
খেলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৭:১৫
বছরখানেক আগেও ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বল হাতে ছুটতেন মোহাম্মদ রুবেল। এখন তার ঘূর্ণিতে একের পর এক পরাস্ত হচ্ছেন আন্তর্জাতিক মানের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই নিয়েছেন ১১ উইকেট। ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে একাই শিকার করেছেন চার ব্যাটারকে, চারজনকেই ফিরিয়েছেন বোল্ড করে।
বয়স ত্রিশের ঘরে। বাংলাদেশের ক্রিকেটে এত বয়সে নতুন করে জাতীয় দলের স্বপ্ন দেখা একসময় ছিল কঠিন। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিতে সেই বাস্তবতায় এসেছে পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার জাতীয় দলকে অন্তত এক বছর সার্ভিস দিতে পারার সম্ভাবনা থাকলে বয়স বাধা হয়ে দাঁড়াবে না।
রুবেলের সাম্প্রতিক পারফরম্যান্স তাই তাকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। অবশ্য এই জায়গায় আসতে খুব বেশি সময় লাগেনি তার। বছরখানেক আগেও খেলেছেন ঢাকা দ্বিতীয় বিভাগে। শুরুতে ছিলেন স্রেফ অফস্পিনার। আধুনিক ক্রিকেটে শুধু অফস্পিন দিয়ে আলাদা করে নজর কাড়া কঠিন। রুবেলও বিষয়টি বুঝেছিলেন।
পেশাদার ক্রিকেটে টিকে থাকতে হলে ব্যাটারকে শুধু ঘোরালেই হবে না, তাকে ধাঁধায় ফেলতে হবে। সেই বদলের পেছনে বড় ভূমিকা মাহমুদউল্লাহ রিয়াদের। তার পরামর্শেই অফস্পিন থেকে ধীরে ধীরে নিজেকে রূপ দিয়েছেন মিস্ট্রি স্পিনারে। সেই পরিবর্তনই যেন বদলে দিয়েছে তার ক্যারিয়ারের গতিপথ।
দ্বিতীয় বিভাগে পারফরম্যান্স দিয়ে সুযোগ পান এনসিএল টি-টোয়েন্টিতে। সেখানেও দেখান চমক। এরপর জায়গা করে নেন বিপিএলে। তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দেন। সেখান থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক। ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে জায়গা করে নেন বাংলাদেশ হাই পারফরম্যান্স দলে।
এইচপির হলুদ-সবুজ জার্সিতেও রুবেলের দাপট থামেনি। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে নিয়েছেন তিন উইকেট। এরপর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছেন তিনি। প্রথম তিন ম্যাচেই ১১ উইকেট। আজ ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে চার উইকেটের সবকটিই এসেছে বোল্ড থেকে।
বাঁহাতি ব্যাটারদের জন্য রুবেল যেন বিশেষ এক ধাঁধা। কখন বল ভেতরে ঢুকছে, কখন বেরিয়ে যাচ্ছে, কখন গতির তারতম্যে ব্যাটারকে থমকে দিচ্ছেন, তা বুঝে ওঠার আগেই বিপদ। তার আর্ম বল ও দুসরার বৈচিত্র্য ব্যাটারদের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে মুহূর্তের মধ্যে। বিশেষ করে গুড লেন্থে পড়ে বলের দিক পরিবর্তনটাই হয়ে উঠছে রুবেলের সবচেয়ে বড় অস্ত্র।
এক বছর আগেও যে ক্রিকেটারকে খুঁজে পাওয়া যেত দ্বিতীয় বিভাগে, সেই রুবেল এখন জাতীয় দলের নির্বাচকদের নজরে আসার মতো পারফরম্যান্স করছেন। পথ এখনও বাকি। তবে ধারাবাহিকতার এই ধারা ধরে রাখতে পারলে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার শব্দটা খুব শিগগিরই আরও জোরালো হতে পারে।
এমআই