Advertisement
Us Bangla Airlines
২১৯ নয়, ৩১৯ করলে খুশি হতেন আরিফুল

২১৯ নয়, ৩১৯ করলে খুশি হতেন আরিফুল

খেলা ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ১৮:৫৭

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন আরিফুল ইসলাম। টপ এন্ড টি-টোয়েন্টিতে এইচপি দলের হয়ে সাত ম্যাচে ২১৯ রান করেছেন ১৩৮ স্ট্রাইকরেটে। ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার মতো কারণ থাকলেও পুরোপুরি তৃপ্ত নন এই তরুণ ব্যাটার। বরং তাঁর আক্ষেপ, আরও কয়েকটি ইনিংস বড় করতে পারলে ২১৯ রানটা ৩১৯-এ পৌঁছাতে পারত।

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন আরিফুল। এরপর থেকেই জাতীয় দলের পাইপলাইনে নিয়মিত আছেন তিনি। অস্ট্রেলিয়ায় এবার পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশির ভাগ ম্যাচেই ব্যাট হাতে ভালো শুরু এনে দিয়েছেন দলকে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ছন্দে ছিলেন আরিফুল। দ্বিতীয় ম্যাচটি বাদ দিলে বাকি ইনিংসগুলো নিয়ে তাঁর সন্তুষ্টি আছে। তবে কয়েকবার ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারাটাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় আক্ষেপ। নিজের পারফরম্যান্স নিয়ে আরিফুল বলেন, ‘এই জায়গাগুলো যদি একটু বড় করতে পারতাম, দায়িত্ব নিয়ে খেলতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। ২১৯ রান, এটা ৩১৯ হতে পারত।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও সাম্প্রতিক সময়ে বড় রান পাচ্ছিলেন না আরিফুল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। বিশেষ করে দ্রুতগতির বোলারদের বিপক্ষে তাঁর লেগ সাইডের ফ্লিক শট ছিল চোখে পড়ার মতো।

টি-টোয়েন্টিতে প্রথম বল থেকেই নিজের স্বাভাবিক ব্যাটিং করার সুযোগ পান বলেও মনে করেন আরিফুল। তাঁর হাতে থাকা শটগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে এই সংস্করণে আরও কার্যকর হয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস তাঁর। স্ট্রাইকরেট নিয়েও খুব একটা অখুশি নন আরিফুল। পুরো টুর্নামেন্টে পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করেছেন বলে তাঁর মত।

তবে ব্যক্তিগত সাফল্যের পরও টুর্নামেন্টের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। সেমিফাইনালে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি এইচপি দল। একমাত্র জিসান আলম ছাড়া অন্য ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। বিপরীতে বোলাররা দারুণ লড়াই করেছেন। প্রতিপক্ষের ৯টি উইকেট তুলে নেওয়ার পরও দুই বল বাকি থাকতে হারতে হয়েছে বাংলাদেশকে।