ইনজুরি থেকে ফিরেই আবার ছিটকে গেলেন বর্ষণ
খেলা ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩
দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর ক্রিকেটে ফিরেছিলেন রোহানতদৌলা বর্ষণ। প্রত্যাবর্তনের পর বল হাতে নিজের সামর্থ্যের জানানও দিয়েছেন এই তরুণ পেসার। কিন্তু চোট যেন পিছু ছাড়ছে না ২১ বছর বয়সী এই পেসারের। পুরোনো পিঠের নিচের অংশের ব্যথা আবারও ভুগিয়েছে তাকে। ফলে আরও প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বর্ষণকে।
চলতি বছরে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন বর্ষণ। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকার ত্রিদলীয় সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ওয়ানডেতে শিকার করেন ১২ উইকেট। বলের গতি ও ধার দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের ওপর বেশ ভালোই চাপ তৈরি করেছিলেন এই তরুণ পেসার।
দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের সঙ্গে যোগ দেন বর্ষণ। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা ছিল তার। কিন্তু পুরোনো চোট আবারও মাথাচাড়া দেওয়ায় কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার।
অস্ট্রেলিয়াতেই চিকিৎসকের পরামর্শ নেন বর্ষণ। পরে করানো হয় স্ক্যান। রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সব মিলিয়ে প্রায় দুই মাসের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে এই পেসারকে।
বর্ষণের চোট নিয়ে সতর্ক বিসিবিও। দীর্ঘদিনের এই চোট ভবিষ্যতে বড় আকার নিতে পারে, বিশেষ করে লাল বলের ক্রিকেটে। তাই আপাতত তাকে শুধু টি-টোয়েন্টির জন্যই বিবেচনা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। এমনকি ২৩ বছর বয়স পর্যন্ত তার ইনজুরি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।
চোটের কারণে এই সময়ে জাতীয় দলের পথও কিছুটা কঠিন হয়ে পড়েছে বর্ষণের জন্য। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় বসে থাকছেন না তিনি। বিশ্রামের পাশাপাশি জিম সেশন, রানিং এবং নির্দিষ্ট কিছু অনুশীলন চালিয়ে যাবেন এই তরুণ পেসার। সব ঠিক থাকলে আগামী ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে পারেন বর্ষণ।