জিম্বাবুয়ে-আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩
অক্টোবরে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে টাইগাররা। আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের আমিরাত সফর।
পাঁচ দিনের ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর শুরু হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজে অভিযান শুরু করবে বাংলাদেশ। দুই দিন পর ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
২১ অক্টোবর আবারও মাঠে নামবে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। সফর শেষে দেশে ফিরেই বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে টাইগারদের।
একনজরে বাংলাদেশের সূচি
৯-১৩ অক্টোবর: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট
১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২১ অক্টোবর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
২৩ অক্টোবর: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল