রিশাদের জায়গায় জাম্পাকে দলে নিল হোবার্ট
খেলা ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮
বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী মৌসুমে হোবার্ট হারিকেনসের স্পিন আক্রমণে বড় সংযোজন অ্যাডাম জাম্পা। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে ফ্রি-এজেন্ট মার্কেটের মাধ্যমে আগামী দুই মৌসুমের জন্য হোবার্টে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার। জাম্পাকে দলে নেওয়ার ক্ষেত্রে রিশাদ হোসেনের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশের লেগ স্পিনার এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর এসএ২০-এ খেলবেন। ২০২৬-২৭ মৌসুমের বিবিএল চলবে ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, আর এসএ২০ শুরু হবে ১৭ জানুয়ারি। ফলে দুই টুর্নামেন্টের শেষ দিকে সূচির সংঘাত তৈরি হওয়ায় রিশাদের বিগব্যাশে খেলা হচ্ছে না।
রিশাদের অনুপস্থিতিতে তাই অভিজ্ঞতা ও কার্যকারিতায় বিকল্প হিসেবে জাম্পাকে দলে নিয়েছে হোবার্ট। ৩৪ বছর বয়সী জাম্পা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এবং বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে সফল স্পিনার। ১২১ ম্যাচে তার শিকার ১৩৮ উইকেট, ইকোনমি রেট ৭.২৮।
হোবার্ট হবে বিবিএলে জাম্পার পঞ্চম দল। এর আগে সিডনি থান্ডার, অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টারস ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন তিনি। হোবার্টে যোগ দিয়ে জাম্পা বলেন, ‘হোবার্টে যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। দলটি শক্তিশালী এবং গত কয়েক মৌসুমে তারা অনেক সাফল্য পেয়েছে।’
হোবার্টের বোলিং আক্রমণে নাথান এলিস, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেকের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন জাম্পা। ফলে রিশাদের জায়গায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই স্পিনারকে পেয়ে আগামী মৌসুমে হারিকেনসের বোলিং ইউনিট আরও শক্তিশালী হওয়ারই আভাস মিলছে।
এমআই