আফগান লিগে বাংলাদেশের ৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নিবন্ধন করেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব ও নাহিদের নাম আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন তাসকিনও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তাসকিনের নিবন্ধনের বিষয়টি এপিএল কর্তৃপক্ষ। তবে ড্রাফটের আগে কারও দল চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের তারকা পেসারের বল হাতে অ্যাকশনের ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘অপেক্ষা শেষ হলো। তাসকিন আহমেদ আফগানিস্তান প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’
এপিএলের ড্রাফট হবে ২৭ সেপ্টেম্বর। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে খেলতে এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটারই পাঁচশর বেশি।
বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে তাসকিন অবশ্য নতুন নন। ২০২৪ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া জিম্ব-আফ্রো টি-টেন ও আবুধাবি টি-টেনেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের এই পেসারের।
সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ। বিশ্বের প্রায় সব টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার। নাহিদ রানা সেই তালিকায় নতুন মুখ। বিপিএল ছাড়াও পিএসএলে খেলে নিজের ইমপ্যাক্ট বুঝিয়েছেন, দলকে চ্যাম্পিয়ন করেছেন। বিগ ব্যাশের একাধিক দল থেকে পেয়েছেন প্রস্তাব।
এপিএল প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া পাঁচ দলের সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বালখ লেজেন্ডস, রানার্সআপ হয়েছিল কাবুল জনন। দীর্ঘ বিরতির পর দ্বিতীয়বারের মতো এপিএল শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এবারও অংশ নেবে পাঁচটি দল।