চমক রেখেই আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বিসিবি
খেলা ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১১:৫২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চমক রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। পাশাপাশি প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। দুই ওপেনারের অন্তর্ভুক্তি নিয়েই মূলত আলোচনায় এসেছে বাংলাদেশের স্কোয়াড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাদমান ইসলামের। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন নাঈম ও রবিন। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো টেস্ট খেলার অপেক্ষায় থাকা রবিনের জন্য এটি বড় সুযোগ।
তবে দলে জায়গা হয়নি মাহমুদুল হাসানের। সাদমানের বিকল্প হিসেবে তার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থায় জায়গা করে নিতে পারেননি তিনি। এদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। অন্যদিকে সবশেষ টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান।
দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে দুই টেস্টের লড়াইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।