নতুন রেকর্ডে মুশফিক, ধারেকাছেও নেই কোনো বাংলাদেশি
খেলা ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৬
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে ক্যারিয়ারের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও এই কীর্তি গড়েছেন মাত্র ৫৯ জন ব্যাটার।
মাইলফলক ছুঁতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪ রান করে ফেরায় অপেক্ষা বাড়ে তার। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কাঙ্ক্ষিত রান তুলে ইতিহাসের পাতায় নাম লেখান মুশফিক।
টেস্টে বাংলাদেশের হয়ে রান সংগ্রহে মুশফিকের ধারেকাছেও নেই অন্য কোনো ব্যাটার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের সংগ্রহ ৫২৯৩ রান। অর্থাৎ মুমিনুলের চেয়ে ১৭০০ রানেরও বেশি এগিয়ে মুশফিক। অবসর নেওয়া তামিম ইকবাল করেছেন ৫১৩৪ রান। আর সাকিব আল হাসানের সংগ্রহ ৪৬০৯ রান।
বাংলাদেশের হয়ে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি মুশফিক ছাড়া অন্য কেউ। দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ৭ হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি রেকর্ডের হাতছানিও রয়েছে মুশফিকের সামনে। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তার সংগ্রহ ৯৫৪ রান। সিরিজ শুরুর আগে মুশফিকের রান ছিল ৭৮২। প্রথম ইনিংসে ৩৪ রান যোগ করায় তার সংগ্রহ দাঁড়ায় ৮১৬। তামিমকে ছাড়িয়ে যেতে এখনো প্রয়োজন ১৩৯ রান।