Advertisement
Us Bangla Airlines
সেমিতে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

সেমিতে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

খেলা ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৫

স্বপ্ন ছিল ফাইনালে ওঠার, কিন্তু সেমিফাইনালেই থামতে হলো বাংলাদেশকে। ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারেনি যুব টাইগাররা। বোলাররাও পারেননি ঘুরে দাঁড়ানোর কোনো পথ খুঁজে দিতে। দুই বিভাগেই ব্যর্থতার খেসারত দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৯ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার হাইম খান ও উসমান খান। দুজনই তুলে নেন অর্ধশতক। উদ্বোধনী জুটিতেই ম্যাচ কার্যত বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়।

৬৯ রান করা হাইমকে ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দেন রবিউল হাসান অনিক। কিন্তু সেটিই ছিল ম্যাচে বাংলাদেশের একমাত্র সাফল্য। এরপর আর কোনো উইকেট নিতে পারেননি টাইগার বোলাররা। অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

যুবা দলেও ব্যাটিং বিপর্যয়ের রোগ

অথচ এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে বড় দায় বাংলাদেশের ব্যাটারদের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। জারিফ সিয়াম ও কাউসার আহমেদের ব্যাটে রান আসেনি। অধিনায়ক ফরিদ হাসানও পারেননি ইনিংস বড় করতে।

একপ্রান্তে আবদুল্লাহ আল মুহি লড়াই করে ফিফটি তুলে নিলেও অন্য প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিনও ব্যর্থ হয়েছেন। ফলে ৬৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর রাকিবুল হাসানের ২৬ ও আল রাফির ২০ রানে কিছুটা এগোয় দল। কিন্তু সেই রান বড় সংগ্রহ গড়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাব দিতে নেমে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে, এই লক্ষ্য তাদের জন্য কতটা সহজ ছিল। একদিকে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, অন্যদিকে বোলারদের অসহায় আত্মসমর্পণ। সব মিলিয়ে সেমিফাইনালে লড়াইয়ের কোনো সুযোগই তৈরি করতে পারেনি যুব টাইগাররা। ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে তাই বড় হতাশা নিয়েই।