সেমিফাইনালে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। তবে বড় জয়ের আনন্দের মধ্যেই দুশ্চিন্তা হয়ে এসেছে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ায় এবারের সাফে আর খেলা হচ্ছে না তার।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সাদ। অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ে। অস্ত্রোপচার লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে চলতি টুর্নামেন্টে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
সেমিফাইনালের আগে সাদের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। আসিয়ান কাপ থেকে শুরু করে সাফের প্রথম দুই ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ডিফেন্ডার। রক্ষণভাগে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল দলের অন্যতম শক্তি। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে হারিয়ে নতুন করে একাদশ সাজানোর চিন্তা করতে হচ্ছে কোচ থমাস ডুলিকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডুলি। তার কথাতেও স্পষ্ট ছিল, এই টুর্নামেন্টে সাদকে আর পাওয়ার আশা করছেন না তিনি। পরে জামাল ভূঁইয়া গণমাধ্যমে জানান, ইনজুরির কারণে আগামী এক বছর মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার সাদ উদ্দিন।
এদিকে বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগের ম্যাচে যারা খেলেননি, তারাই মূলত মাঠে নেমেছেন। চোটের কারণে কয়েক দিন অনুশীলনের বাইরে থাকা তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও অনেকটাই স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে কাটিয়েছেন পুনরুদ্ধার সেশনে।