সেমিফাইনালে টিকিটের দাম বাড়াল টিকিফাই
খেলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৯
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের লড়াই দেখতে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে গ্যালারিতে বসে খেলা দেখতে এবার বাড়তি টাকা গুনতে হবে। সেমিফাইনালের টিকিটের দাম ৮০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করেছে আয়োজকেরা।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে শুরু হয়েছে টিকিট বিক্রি।
গ্রুপ পর্ব পর্যন্ত টিকিটের দাম আগে থেকেই নির্ধারিত ছিল। তবে শেষ চার ও ফাইনালের টিকিটের মূল্য জানানো হয়নি। এবার দুই সেমিফাইনালের জন্য এক হাজার টাকা করে দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা।
টিকিট বিক্রিতে অবশ্য ভালো সাড়া পাচ্ছে আয়োজকেরা। সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতিমধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’
টিকিটের দাম বাড়ার পাশাপাশি দ্বিতীয় সেমিফাইনালের সময় নিয়েও ভাবতে হচ্ছে দর্শকদের। রাত সাড়ে ৮টায় খেলা শুরু হলে নির্ধারিত সময়ে শেষ না-ও হতে পারে। অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়ালে ম্যাচ শেষ হতে রাত ১১টা বেজে যেতে পারে। ফলে খেলা দেখে বাড়ি ফেরা এবং পরদিন কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া অনেকের জন্যই কঠিন হবে।