জাতীয় স্টেডিয়ামে ‘ম্যাজিক’ দেখানো কে এই ফারহান
খেলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৪:০০
অবিশ্বাস্য এক গোলেই রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ফারহান আলী ওয়াহিদ। জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তার দুর্দান্ত গোলটি শুধু বাংলাদেশের বড় জয়ের সৌন্দর্য বাড়ায়নি, দর্শকদের মনেও জাগিয়েছে নতুন কৌতূহল। কে এই তরুণ? কোথা থেকে এলেন? কীভাবে গড়ে উঠল তার ফুটবলীয় দক্ষতা?
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ে ফারহানের গোলটি ছিল দেখার মতো। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে একের পর এক খেলোয়াড়কে পরাস্ত করেন তিনি। পাঁচ-ছয়জনের বাধা পেরিয়ে নেওয়া তার নিখুঁত শট ঠেকানোর সাধ্য ছিল না গোলরক্ষকের। এমন গোলকে ‘ম্যাজিক’ বলে অভিহিত করেছে বাফুফে।
ম্যাচ শেষে কোচ টমাস ডুলিও আলাদা করে প্রশংসা করেছেন ফারহানের। দুর্দান্ত সেই গোলের প্রশংসা করতে গিয়ে বললেন, ‘কী গোলটাই না করল ফারহান!’ তবে এই গোলের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন, ইংল্যান্ডের ফুটবল একাডেমিতে বেড়ে ওঠা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার নিরন্তর চেষ্টা।
লন্ডনে বেড়ে ওঠা, শিকড় বাংলাদেশে
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের পারিবারিক শিকড় সিলেটে। লন্ডনে বেড়ে ওঠা ফারহানের ফুটবলযাত্রা শুরু চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে যোগ দেন ফুলহামের বয়সভিত্তিক দলে।
সেখানেই নিজের প্রতিভার জানান দিতে শুরু করেন এই তরুণ। ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে করেন সাত গোল। ২০২৪ সালের জানুয়ারিতে জায়গা পান অনূর্ধ্ব-২১ দলে। অভিষেক ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। পরের বছর ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তিও করেন।
ফুলহামে সাফল্য, জিতেছেন পুরস্কারও
ফুলহামের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয় গোল। তার দল লিগ শেষ করে চতুর্থ স্থানে। ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে ছিলেন না ফারহান। নভেম্বর মাসে জেতেন লিগের মাসসেরার পুরস্কার। মৌসুম শেষে জায়গা পান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়।
ফুলহামের মূল দলের হয়েও মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে তার। প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কাড়েন। বাঁ প্রান্ত দিয়ে তার গতিময় ড্রিবলিং এবং বাঁকানো শট প্রতিপক্ষের গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলে। ম্যাচে ফুলহাম ২-০ গোলে হারলেও আলোচনায় ছিলেন ফারহান।
নিয়মিত খেলার লক্ষ্যে দল বদল
ক্যারিয়ারের পরবর্তী ধাপে নিয়মিত খেলার সুযোগ পেতে ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা এই ক্লাবেই কাটানোর কথা তার। জার্সি নম্বর ২০। কোচ লুক গ্যারার্ডও আক্রমণভাগে তার গতি ও দক্ষতাকে কাজে লাগাতে চাইছেন। এরই মধ্যে ক্লাবটির হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।
ফুলহামও ভুলে যায়নি তাদের এই প্রতিভাবান তরুণকে। ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা এসেছে, ২০২৬ সালের জনি হেইনেস ট্রফি জিতেছেন ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের কিংবদন্তি খেলোয়াড়ের নামে দেওয়া এই পুরস্কার একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে দেওয়া হয়। সেই ফারহানই এখন ‘ম্যাজিক’ দেখাচ্ছেন বাংলাদেশে।
এমআই