এমন রেকর্ড গড়তে চাননি রবিনও
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
স্বপ্নের টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন মাহফিজুল রবিন। মায়ের দোয়া আর বন্ধুদের সমর্থন সঙ্গে নিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, টেস্টের এক নম্বর দল। তবে অভিষেকের রোমাঞ্চ উপভোগ করার সুযোগটুকুও পেলেন না এই ওপেনার। এমন এক রেকর্ড গড়লেন, যা কোনো ক্রিকেটারেরই কাম্য নয়।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতে স্ট্রাইক প্রান্তে ছিলেন রবিন। ডানহাতি বোলার বলেই হয়তো শুরুতে স্ট্রাইকে যান এই ডানহাতি ব্যাটার। কিন্তু প্রথম বলেই থেমে যায় তার অভিষেকের গল্প। পায়ের ব্যবহার না করে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তাকে।
এই বিদায়েই বাংলাদেশের টেস্ট ইতিহাসে যুক্ত হলো এক বিব্রতকর অধ্যায়। দেশের হয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হওয়া প্রথম ব্যাটার এখন মাহফিজুল রবিন। বিশ্ব ক্রিকেটেও এমন ঘটনা বিরল। টেস্ট ইতিহাসে মাত্র চারজন ব্যাটারকে অভিষেকের প্রথম বলেই উইকেট হারানোর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০২১ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হয়েছিলেন আফগানিস্তানের আবদুল মালিক। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক এবং ২০০১ সালে আফ্রিকার বিপক্ষে ক্যারিবীয় লিওন গ্যারিকও একই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রবিন।
রবিনকে ফিরিয়ে ব্যক্তিগত অর্জনের খাতায়ও বিরল কীর্তি যোগ করেছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করলেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোগলার এবং ক্যারিবীয়দের বিপক্ষে অ্যালান ডোনাল্ড এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে এই তালিকায় নাম লিখিয়েছিলেন ডেল স্টেইন।
দক্ষিণ আফ্রিকা সফরে এর আগে ‘এ’ দলের হয়েও খেলেছিলেন রবিন। সেখানেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই ওপেনার। জাতীয় দলের অভিষেকেও কাটল না সেই ব্যর্থতার বৃত্ত। টেস্ট দলে অভিষিক্ত রবিনের দৌড় কতদূর পর্যন্ত যায়, সেটাই এখন দেখার বিষয়।
এমআই