ম্যাচ শেষে যা বললেন ৯২ করা লিটন
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২২:৫৮
নতুন বলে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলানো ছিল কঠিন। তবে বল পুরোনো হওয়ার পর ব্যাটিং কিছুটা সহজ হয়ে আসে। সেই সুযোগ কাজে লাগিয়েই বড় জুটি গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দিনের খেলা শেষে নিজেদের ব্যাটিং পরিকল্পনা এবং হৃদয়ের ধৈর্যের প্রশংসা করেছেন ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাস।
জোহানেসবার্গে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। একে একে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে হৃদয়কে নিয়ে ২০৬ রানের জুটি গড়ে পরিস্থিতি বদলে দেন লিটন। দিনের শেষ বলে ১৩৭ রান করে হৃদয় ফিরলেও ৯২ রানে অপরাজিত আছেন লিটন।
দিন শেষে লিটন বলেন, ‘নতুন বলে তারা খুব ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে ব্যাটিং করা কঠিন ছিল। তবে পুরোনো বল আসার পর ব্যাটিং কিছুটা সহজ হয়েছে। হৃদয় যেভাবে শৃঙ্খলার সঙ্গে বল ছেড়েছে, তাতে আমি আরও আত্মবিশ্বাস পেয়েছি।’
জুটি গড়ার সময় দুজনের পরিকল্পনাও ছিল পরিষ্কার। তিনি আরও বলেন, ‘আমরা শুধু আলোচনা করেছি, কতক্ষণ ব্যাটিং করতে পারি। পেসারদের বিপক্ষে স্ট্রাইক বদলে খেলার চেষ্টা করেছি। নতুন বল বেশ চ্যালেঞ্জিং। আগামীকাল তারা নতুন উদ্যমে ফিরবে, আমিও সতেজ হয়ে নামব। আশা করি, ভালো একটি লড়াই হবে।’
এমআই