বাংলাদেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, শুরু যেদিন
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৫
বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরছে বাংলাদেশ। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। শুধু আয়োজক হওয়ার খবর নয়, টুর্নামেন্টের দিনক্ষণও চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপের পর্দা নামবে ২৩ নভেম্বর।
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সময়সীমা প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে এই সূচি। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে এই আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরজুড়ে চলবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজন। তবে বাংলাদেশে কতটি ম্যাচ হবে এবং কোন কোন ভেন্যুতে খেলা হবে, তা এখনো জানানো হয়নি।
এদিকে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
এ ছাড়া ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর জুনে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড।