ক্ষমা চাইলেন শ্রাবণ
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৪
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে তার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে পাকিস্তান। সেই এক গোলেই থেমে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। হৃদয়ভাঙা সেই হারের দায় স্বীকার করে সমর্থক, সতীর্থ ও কোচদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রাবণ।
গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। অথচ পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রেখেছিলেন শ্রাবণ। কিন্তু ম্যাচের শেষ দিকে তার একটি ভুলের খেসারত দিতে হয় পুরো দলকে।
৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদ সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানকে এগিয়ে দেন। আর সেই গোলই হয়ে ওঠে বাংলাদেশের বিদায়ের কারণ। হারের পরদিন আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা ও অনুশোচনার কথা তুলে ধরেন তিনি।
শ্রাবণ লেখেন, ‘গত রাতে স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্যাপন করব। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’
নিজের ভুলের দায় এড়িয়ে যাননি এই গোলরক্ষক। সমর্থকদের হতাশার বিষয়টি উপলব্ধি করে তিনি আরও লেখেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
তবে শ্রাবণের ভুলকে কেন্দ্র করে তাকে এককভাবে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ দলের অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দলের হারের জন্য কোনো একজন খেলোয়াড়কে দায়ী করা উচিত নয়। প্রধান কোচ থমাস ডুলিও পাশে দাঁড়িয়েছেন তরুণ গোলরক্ষকের। তার মতে, ফুটবলাররা রোবট নন, তাদেরও ভুল হতে পারে।