অভিজ্ঞতার দাম দিলেন না মুশফিক-মুমিনুল
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২০:০৯
অভিজ্ঞতার কমতি নেই। মুশফিকুর রহিম খেলেছেন ১০৮টি টেস্ট, মুমিনুল হকের ম্যাচসংখ্যাও ৮৩। কঠিন পরিস্থিতিতে যাদের ব্যাটের দিকে তাকিয়ে থাকে দল, দক্ষিণ আফ্রিকার মাটিতে তারাই হতাশ করলেন। একজন ফিরলেন প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে, অন্যজনও শূন্যতে ফিরেছেন। দুজনের আউটের ধরন তাদের অভিজ্ঞতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং সহজ নয়। বিশেষ করে ফ্রন্টফুটে ড্রাইভ করতে গিয়ে উইকেট হারানোর ঝুঁকি বেশি। অভিষিক্ত ওপেনার মাহফিজুল রবিনও প্রথম বলে সেই ভুলের খেসারত দিয়েছেন। কিন্তু ১০৮ টেস্ট খেলা মুশফিকও একই পথে হাঁটবেন, তা কে ভেবেছিল! ইনিংসের প্রথম বলেই ফ্রন্টফুটে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি।
ম্যাচের আগে প্রতিপক্ষের বোলিং, কন্ডিশন ও কোন ধরনের বলে ঝুঁকি বেশি, সেসব নিয়ে নিশ্চয়ই দলের প্রস্তুতি থাকে। বিশেষ করে কাগিসো রাবাদার মতো বোলারের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে কীভাবে ব্যাটিং করতে হবে, সেই পরিকল্পনাও থাকার কথা। তারপরও প্রথম বলেই এমন অযাচিত শট খেললেন মুশফিক, যা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে।
গত তিন বছরে বাংলাদেশের হয়ে রান সংগ্রাহকদের সেরা তিনে নিয়মিতই ছিলেন মুশফিক। তবে ঘরের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিদেশের কঠিন কন্ডিশনেও তাকে দায়িত্ব নিতে হবে। দক্ষিণ আফ্রিকায় সাত টেস্টের ১৩ ইনিংসে তার সংগ্রহ ২৬৯ রান, গড় ২০.৬৯। সর্বোচ্চ ৬৫, অর্ধশতক দুটি। শূন্য রানে ফিরেছেন তিনবার।
মুশফিকের বিদায়ের আগে অভিজ্ঞ মুমিনুলও একই ভুলে ফিরেছেন। মাথার চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে একাদশে ফিরেছিলেন ৮৩ টেস্ট খেলা এই ব্যাটার। কিন্তু প্রত্যাবর্তনটা হলো হতাশার। মাত্র সাত বল খেলেই শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বাঁহাতি ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুলের পরিসংখ্যানও বেশ বিবর্ণ। পাঁচ টেস্টের নয় ইনিংসে করেছেন মাত্র ১০৫ রান, গড় ১১.৬৬। সর্বোচ্চ ৭৭, অর্ধশতক একটি। শূন্য রানে ফিরেছেন তিনবার। অর্থাৎ প্রোটিয়াদের মাটিতে মুশফিক ও মুমিনুলের দুজনেরই ব্যাটিং গড় বিশের নিচে। দুজনেই পুনরায় হতাশার গল্প লিখলেন।
এমআই