এবাদতকে কেন বোলিং দেওয়া হয়নি, জানালেন তাসকিন
খেলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮
জোহানেসবার্গ টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের বাংলাদেশের পেস আক্রমণের বড় দায়িত্ব সামলাচ্ছেন তাসকিন ও হাসান। দুই প্রান্ত থেকে নিয়মিত বোলিং করছেন তারা। চোটের অস্বস্তি নিয়েও দীর্ঘ সময় বল করেছেন হাসান। তবে একাদশে থাকা তৃতীয় পেসার এবাদতকে বোলিংয়ে দেখা মিলেছে খুব কম। এখন পর্যন্ত করেছেন মাত্র ৭ ওভার।
এবাদতকে কেন বোলিংয়ে বেশি ব্যবহার করা হয়নি, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘বোলিংয়ে একটু এদিক-সেদিক হলেই রান হচ্ছে। খুব ভালো ব্যাটিং উইকেট। গতকাল হয়তো স্পিনাররা ভালো করতে পারেনি। আজ কিন্তু মিরাজ ভালো শুরু করেছে। এ কারণেই দেখা গেছে দ্রুত কিছু উইকেট চলে গেছে। বোলারদের জন্য মার্জিন খুব ছোট।’
এবাদতের বোলিং করার পরিকল্পনা যে ছিল, সেটিও জানিয়েছেন তাসকিন। তবে লাঞ্চের পর তাকে বল দেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেই সুযোগ আর আসেনি।
তাসকিন বলেন, ‘মার্জিন যেহেতু ছোট, অধিনায়ক হয়তো চিন্তা করেছে দুই স্পিনার দুই পাশ থেকে ভালো করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সে (এবাদত) আসত। লাঞ্চের পরই ওর আসার কথা ছিল। পরে তো বৃষ্টি হলো।’
এদিকে ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের ধৈর্যের পরীক্ষাও দিতে হচ্ছে। লম্বা জুটি গড়ে উঠলে পরিকল্পনায় অটল থাকা এবং সুযোগের অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না বলে মনে করেন তাসকিন। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষের জুটি ভাঙতে একটি ব্রেকথ্রু পাওয়া ছিল অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাসকিন।