১৩ বছরেও শুধরালেন না মুমিনুল, ফের একই ভুলের পুনরাবৃত্তি
খেলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ২০:০২
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পার করেছেন মুমিনুল হক। টেস্ট খেলেছেন ৮৩টি। অভিজ্ঞতার ঝুলিতে জমেছে পাঁচ হাজারের বেশি রান। অথচ ব্যাটিংয়ের পুরোনো দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি এই বাঁহাতি। অফ স্টাম্পের বাইরের বল দেখলেই ড্রাইভ কিংবা কাট খেলতে যাওয়ার প্রবণতা এখনো ছাড়তে পারেননি। বলের লাইন ও দূরত্ব বিবেচনা না করে ব্যাট চালানোর খেসারত দিতে হচ্ছে বারবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেও একই ভুলের পুনরাবৃত্তি করেছেন তিনি।
মুমিনুলের ব্যাটিংয়ের অন্যতম বড় সমস্যা অফ স্টাম্পের বাইরের বল। বিশেষ করে ফিফথ ও সিক্সথ স্টাম্পের বলেও ড্রাইভ কিংবা কাট খেলতে যান তিনি। অথচ সব বল খেলার নয়, কিছু বল ছেড়ে দেওয়ারও প্রয়োজন আছে। এই সাধারণ হিসাবটাই যেন ভুলে যান মুমিনুল। কখনো স্লিপে ক্যাচ দিয়ে, কখনো বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে সেই বাইরের বলকে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন। সাম্প্রতিক সিরিজগুলোতেও এই দুর্বলতার ছাপ স্পষ্ট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন, দ্বিতীয় ইনিংসে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও একই শটে আউট হয়েছেন।
বিদেশের মাটিতে মুমিনুলের পরিসংখ্যানও স্বস্তি দিচ্ছে না। দেশের বাইরে ৩৭ টেস্টে ৭১ ইনিংস খেলে তার রান ১৭০১, গড় মাত্র ২৫.৩৮। বিপরীতে দেশের মাটিতে ৪৫ টেস্টে ৩৫৪৭ রান করেছেন ৪৭.৯৩ গড়ে। দক্ষিণ আফ্রিকায় পরিস্থিতি আরও হতাশাজনক। সেখানে পাঁচ টেস্টের ১০ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০৬ রান, গড় ১০.৬০। সর্বোচ্চ ইনিংস ৭৭। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
মুমিনুলের জন্য উদ্বেগের জায়গা হলো, এই দুর্বলতা নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই অফ স্টাম্পের বাইরের বলে অপ্রয়োজনীয় শট খেলার প্রবণতা তার ব্যাটিংয়ে দেখা গেছে। এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও একই ভুলের পুনরাবৃত্তি তার ব্যাটিংয়ের উন্নতি নিয়ে প্রশ্ন তুলছে। প্রতিপক্ষের বোলাররা যে জায়গায় বারবার তাকে পরীক্ষা করছেন, সেই জায়গায় পরিবর্তন আনতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়া কঠিন হবে।
এমআই