Advertisement
Us Bangla Airlines
দক্ষিণ আফ্রিকায় বাকিদের চেয়ে হাসান কেন এগিয়ে?

দক্ষিণ আফ্রিকায় বাকিদের চেয়ে হাসান কেন এগিয়ে?

খেলা ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৭

নতুন বলে তাসকিন আহমেদ যতটা ভয়ংকর, বল পুরোনো হলে ততটাই কার্যকারিতা হারান এই পেসার। বিশেষ করে ব্যাটিং সহায়ক উইকেটে সিম ও বাউন্সের সুবিধা না পেলে তার সেরা অস্ত্রগুলো কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও দেখা গেছে সেই চিত্র। শুরুতে নতুন বলে দারুণ বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খরুচে হয়েছেন তাসকিন। বিপরীতে পুরোনো বলেও ব্যাটারদের চাপে রেখেছেন হাসান মাহমুদ। দুজনের বোলিংয়ের এই পার্থক্যের পেছনে রয়েছে মূলত দক্ষতার ভিন্নতা।

লাল কিংবা সাদা, নতুন বলে তাসকিনের বড় শক্তি সিমআপ ডেলিভারি। বাড়তি বাউন্স ও ইনসুইংয়ে ডানহাতি ব্যাটারদের বেশ অস্বস্তিতে ফেলতে পারেন তিনি। বিশেষ করে সবুজ উইকেটে তার এই দক্ষতা আরও কার্যকর হয়ে ওঠে। ঘাস থেকে পাওয়া বাড়তি সহায়তায় সিমের ওপর বল ফেলে সুইং ও বাউন্স আদায় করতে পারেন। পাশাপাশি হিট দ্য ডেক বোলিংয়েও দক্ষ তিনি। পিচে জোরে আঘাত করে বাড়তি বাউন্স আদায় করেন, কখনো স্কিড করা বলে ব্যাটারকে বিভ্রান্ত করে তুলে নেন উইকেট।

ইনসুইংয়ের জাদুতে হাসানের ‘বোল্ড মিশন’

তবে উইকেটে ঘাস না থাকলে কিংবা পিচ ব্যাটিংয়ের জন্য বেশি সহায়ক হলে তাসকিনের কাজটা কঠিন হয়ে যায়। বিশেষ করে বল পুরোনো হওয়ার পর সিমের কার্যকারিতা কমে গেলে তার বোলিংয়ের ধারও অনেকটা কমে আসে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশে নতুন বলে সিমের সুবিধা পাওয়া গেলেও বল নরম হয়ে গেলে ব্যাটারদের রান তোলার সুযোগ বেড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিনের বোলিংয়ে এই সীমাবদ্ধতাই চোখে পড়েছে।

এখানেই তাসকিনের সঙ্গে হাসানের পার্থক্য। গতির দিক থেকে তাসকিনের চেয়ে পিছিয়ে থাকলেও বলের ওপর নিয়ন্ত্রণ এবং সুইং আদায়ে বেশ দক্ষ হাসান। নতুন বলে সিমআপ ডেলিভারিতে যেমন কার্যকর, তেমনি পুরোনো বলেও ব্যাটারদের বিপাকে ফেলতে পারেন। এর পেছনে বড় ভূমিকা তার ওবল সিম ডেলিভারির।

ওবল সিমে বলের সিম সোজা না রেখে কিছুটা কাত করে রাখা হয়। ফলে পিচে পড়ার পর সিমের অবস্থান অনুযায়ী বল কখনো একদিকে বাঁক নেয়, আবার কখনো সোজা চলে যায়। পিচের অসমতা ও বল মাটিতে পড়ার ওপর নির্ভর করে তৈরি হয় এই অনিশ্চয়তা। ব্যাটার আগেভাগে বলের গতিপথ বুঝতে না পারলে ভুল শট খেলার ঝুঁকি থাকে। সেখান থেকেই আসে ক্যাচ কিংবা উইকেট।

হাসানের দাপটে আরও ৪ উইকেট হারাল উইন্ডিজ

বিশেষ করে ফ্ল্যাট উইকেটে, যেখানে পেসাররা বাড়তি বাউন্স বা সুইং পাচ্ছেন না, সেখানে ওবল সিম কার্যকর অস্ত্র হতে পারে। হাসান এই ডেলিভারি বেশ ভালোভাবে কাজে লাগাতে পারেন। ফলে বল পুরোনো হয়ে নরম হয়ে গেলেও ব্যাটারদের জন্য তাকে সামলানো সহজ হয় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দুই পেসারের পার্থক্যটা এখানেই স্পষ্ট।

নতুন বল হাতে তাসকিন শুরুতে সিমের সুবিধা কাজে লাগিয়ে উইকেট পেয়েছেন। কিন্তু দুপুর ও বিকেলের সেশনে সেই ধার ধরে রাখতে পারেননি। অন্যদিকে হাসান পুরোনো বলেও ওবল সিমের বৈচিত্র্যে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন, পেয়েছেন সাফল্য। ম্যাচের তৃতীয় দিন শেষে হাসান উইকেট শিকার করেছেন ৪টি।

এমআই