Advertisement
Us Bangla Airlines
১৫০ বছরের টেস্ট ইতিহাস বদলে দিলেন লিটন

১৫০ বছরের টেস্ট ইতিহাস বদলে দিলেন লিটন

খেলা ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১৭:০২

টেস্টে এক ইনিংসে আটটি ডিসমিসাল! টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৫০ বছরের ইতিহাসে এমন কীর্তি ছিল না কোনো উইকেটকিপারের। সেই অসম্ভবকেই সম্ভব করেছেন বাংলাদেশের লিটন দাস। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আট ব্যাটসম্যানকে নিজের গ্লাভসে বিদায় করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন এক ইনিংসে সর্বোচ্চ সাত ডিসমিসালের পুরোনো রেকর্ড।

লিটনের রেকর্ডের শেষ দৃশ্যটি ছিল কাগিসো রাবাদাকে ঘিরে। মিরাজের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। দ্বিতীয় ছক্কায় ছাড়িয়ে যান নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানও। পরের বলেও বড় শটের চেষ্টা করেন। কিন্তু ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলের নাগাল পাননি। সুযোগ বুঝে স্টাম্প ভেঙে দেন লিটন। তাতেই নিশ্চিত হয় বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে লিটনের অবদান ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং। অর্থাৎ প্রতিপক্ষের ১০ উইকেটের আটটিই এসেছে তার হাত ধরে। শুধু মার্কো অ্যাকারম্যান ও ডেন পিটারসেনের উইকেটে ছিল না তার কোনো ভূমিকা। অ্যাকারম্যানকে আউট করেছেন হাসান, সেই ক্যাচটি নিয়েছিলেন তাসকিন আহমেদ। শেষ উইকেটে এবাদতের বলে হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন পিটারসেন।

এর আগে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের কীর্তি ছিল পাঁচ উইকেটকিপারের। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে প্রথম এই রেকর্ড গড়েন পাকিস্তানের ওয়াসিম বারি। পরবর্তী সময়ে একই কীর্তি গড়েন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। এবার সেই তালিকার সবাইকে পেছনে ফেললেন লিটন।

রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে নিজের সপ্তম ডিসমিসাল পূর্ণ করেছিলেন তিনি। রাবাদাকে স্টাম্পিং করে সংখ্যাটা নিয়ে যান আটে। তাতেই এককভাবে টেস্ট ইতিহাসের সেরা উইকেটকিপিং পারফরম্যান্সের মালিক হয়ে গেলেন বাংলাদেশের এই উইকেটকিপার। তবে এক ইনিংসে ৭ ক্যাচ নেওয়ার রেকর্ডটি হাতছাড়া হয়েছে তার। দুটো ক্যাচের সুযোগ পেয়েও সেগুলো তালুবন্দী করতে পারেননি।