Advertisement
Us Bangla Airlines
বোলিংয়ে ব্যর্থতার পর এবার জরিমানার মুখে ইবাদত

বোলিংয়ে ব্যর্থতার পর এবার জরিমানার মুখে ইবাদত

খেলা ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ২০:১৪

জোহানেসবার্গ টেস্টে বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি ইবাদত হোসেন। ১৪.১ ওভার বল করে খরচ করেছেন ৬০ রান, উইকেট পেয়েছেন মাত্র একটি। পারফরম্যান্সে হতাশার সেই ম্যাচেই এবার আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন এই পেসার। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

চতুর্থ দিনের খেলা চলাকালে চা বিরতির আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবাদতের শাস্তির বিষয়টি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজার দিকে বল ছুড়ে মারার ঘটনায় এই শাস্তি পেয়েছেন ৩২ বছর বয়সী পেসার।

ঘটনাটি ম্যাচের দ্বিতীয় দিনের। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ইবাদতের ফুল লেংথ ডেলিভারি সোজা ড্রাইভ করেন হামজা। ফলো থ্রুতে বল হাতে পেয়েই ব্যাটারের শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন ইবাদত। তবে হামজা সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি।

ঘটনার পরই ইবাদতকে থামিয়ে সতর্ক করেন আম্পায়ার। তখন হাতের ইশারায় নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেন এই পেসার। তার যুক্তি ছিল, হামজা ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তবে ইবাদতের সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি মাঠের আম্পায়াররা।

মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো কুমারের অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ইবাদত নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বল হাতে ইবাদতের পরিসংখ্যানও খুব একটা স্বস্তির নয়। তাসকিন ২৮ ওভারে ১২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদ ৩০.৪ ওভারে ১১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মিরাজ ৩৫.২ ওভারে ১৬৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। সেখানে ইবাদতের ১৪.১ ওভারে ৬০ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন এবাদত।