Advertisement
Us Bangla Airlines
হৃদয়কে আউট করে কেন এত উল্লাস করেছিল প্রোটিয়ারা

হৃদয়কে আউট করে কেন এত উল্লাস করেছিল প্রোটিয়ারা

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২

জোহানেসবার্গ টেস্টে তাওহীদ হৃদয়ের উইকেট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ২৩ বলে ২৩ রান করা হৃদয়কে কাগিসো রাবাদা ফিরিয়ে দিতেই আনন্দে মেতে ওঠে পুরো প্রোটিয়া শিবির। একটি উইকেট ঘিরে এমন উচ্ছ্বাসের কারণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন।

দিন শেষে প্যাটারসন জানান, রাবাদাকে আরও আগ্রাসী করে তুলতে তিনি কিছুটা উসকে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি রাবাদাকে একটু উসকে দিতে গিয়েছিলাম। বলেছিলাম, ওরা যে ভালুককে (রাবাদা) খোঁচাচ্ছে, সেটা আমার বেশ ভালো লাগছে। কারণ, ভালুককে খোঁচালে অন্য এক রাবাদা হাজির হয়।’

হৃদয়ের উইকেটের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে প্যাটারসন বলেন, ‘বড় উইকেট। রায়ান (রিকেলটন) এবং (কাগিসো) রাবাদা আজ আমাদের ভালো সুযোগ করে দিয়েছে। সে আজকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিল। ফলে তাকে (হৃদয়) ফেরাতে পারা খুব জরুরি ছিল। পুরো দল উল্লাসে মেতেছে সেই উইকেটের পর। কারণ সবাই জানে এই উইকেটের গুরুত্ব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেছিলেন হৃদয়। দ্বিতীয় ইনিংসে তাকে ফিরিয়ে দেওয়া তাই দক্ষিণ আফ্রিকার জন্য বাড়তি স্বস্তির। ম্যাচে পাঁচ উইকেট শিকারও আত্মবিশ্বাস জুগিয়েছে প্রোটিয়া পেসারকে।

তবে হৃদয়ের বিদায়েই কাজ শেষ হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লিড থেকে এখনও ৫৭ রানে পিছিয়ে তারা। ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। সঙ্গে রয়েছেন মেহেদি হাসান মিরাজও।

তাই শেষ দিনের লড়াই নিয়ে সতর্ক প্যাটারসন। তিনি বলেন, ‘ধৈর্য ধরে এগোতে হবে। আজকে বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। আশা করছি কাল সকালে এটার ফল পেয়ে যাব।’