Advertisement
Us Bangla Airlines
আইপিএল নিলামে কেন নেই মোস্তাফিজ?

আইপিএল নিলামে কেন নেই মোস্তাফিজ?

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও সর্বশেষ আসরে খেলা হয়নি মোস্তাফিজের। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনা নিয়ে কম আলোচনা হয়নি। এবার আইপিএলের মিনি নিলামের আগেই নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিবন্ধন করেননি তিনি।

আগে গুঞ্জন ছিল, আসন্ন নিলামের জন্য নাম জমা দিয়েছেন মোস্তাফিজ। কিন্তু মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক তালিকায় তার নাম দেখা যায়নি। বিসিসিআইয়ের কাছে পাঠানো তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। মোস্তাফিজের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।

কেন নিলামে নাম দিলেন না মোস্তাফিজ? বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।’

তবে মোস্তাফিজের এই সিদ্ধান্তের পেছনে গত আইপিএলের অভিজ্ঞতা কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বস্ত একটি সূত্রের দাবি, শেষ মুহূর্তে কলকাতার স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনাটি ভালোভাবে নেননি এই পেসার। যদিও এ বিষয়ে মোস্তাফিজ নিজে কোনো বক্তব্য দেননি।

এদিকে আইপিএলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যস্ততা থেমে থাকার সম্ভাবনা নেই। গত আসরে আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এবারও পিএসএলে দেখা যেতে পারে তাকে। আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের হয়ে আছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।