Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় ৭ উইকেট নিয়েও কেন একাদশে অনিয়মিত শরিফুল

অস্ট্রেলিয়ায় ৭ উইকেট নিয়েও কেন একাদশে অনিয়মিত শরিফুল

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট শিকার করেও টেস্ট একাদশে নিয়মিত হতে পারছেন না শরিফুল ইসলাম। পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও দলের পরিকল্পনায় জায়গা মিলছে না নিয়মিত। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই বাঁহাতি পেসারের। কোচ ও অধিনায়কের সিদ্ধান্তকেই সম্মান জানাচ্ছেন তিনি।

জোহানেসবার্গ টেস্টে একাদশের বাইরে ছিলেন শরিফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে সুযোগ পেলেও বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৯৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একাদশে অনিয়মিত থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সকে অতীত হিসেবেই দেখছেন শরিফুল। 

দলের বর্তমান চাহিদাই অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ অনেক পেছনে। সেটা অতীত ছিল। সেখানে ভালো করেছি। বর্তমানে টিম ডিমান্ড যদি বলেন, কোচ-ক্যাপ্টেনের চাওয়া, এটাকে আমি সম্মান করি। ওয়ার্কলোড কমপ্লিট করেই রেডি ছিলাম। উনারা যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নিয়েছেন।’

এদিকে সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের ফিল্ডিং নিয়েও উদ্বেগ রয়েছে। একের পর এক ক্যাচ হাতছাড়া হচ্ছে, যার প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে। নতুন ফিল্ডিং কোচ মালিবংওয়ে মাকেতার অধীনে এই দুর্বলতা কাটিয়ে ওঠার আশা করছেন শরিফুল।

তিনি বলেন, ‘এখন তো ফিল্ডিংয়ের ব্যাপারটা মালি (মালিবংওয়ে মাকেতা) দেখছে। উনি সবেমাত্র দায়িত্ব পেলেন। আমরা হয়তো অন্য দলের তুলনায় একটু বেশিই ক্যাচ মিস করছি। আশা করি এটা থেকে শিগগিরই ওভারকাম করব। প্র্যাকটিস আমরা পারফেক্টলি করছি। হয়তো ম্যাচের ভেতর এক্সিকিউশন হচ্ছে না।’