ফেরার আগেই নাহিদকে নিয়ে নতুন দুঃসংবাদ
খেলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৬
চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। কিন্তু প্রত্যাবর্তনের আগেই নতুন ধাক্কা খেলেন বাংলাদেশের এই গতিতারকা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে তার।
চোটের কারণে এরই মধ্যে অস্ট্রেলিয়া সফর, আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন নাহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। পরিকল্পনা ছিল ওয়ানডে সিরিজ দিয়ে ফেরানোর। কিন্তু ডেঙ্গুর কারণে সেই সুযোগও হাতছাড়া হয়েছে।
বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন নাহিদ। জ্বরের তীব্রতা বাড়ায় ডেঙ্গু পরীক্ষা করানো হলে ফল আসে পজিটিভ। আপাতত প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে এই পেসারকে। এ কারণেই তাকে ওয়ানডে দলে রাখা হয়নি।
তবে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তার সুস্থ হয়ে ওঠার ওপর। দ্রুত সেরে উঠতে পারলে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। তবে দুই সপ্তাহের বিশ্রাম নাহিদের খেলা অনিশ্চয়তায় ফেলেছে।