বড় পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেটে
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৯:২৯
তৃণমূল থেকে জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে বয়সভিত্তিক ক্রিকেটের কোচিং পদ্ধতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে প্রতিটি বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখাই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।
এ নিয়ে গতকাল বুধবার চুক্তিবদ্ধ কোচদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠকে উপস্থিত ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের উপদেষ্টা খালেদ মাহমুদ সুজন ও হাই পারফরম্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন।
নতুন পরিকল্পনার মূল ভাবনা তুলে ধরেন সালাউদ্দিন। তার পর্যবেক্ষণ, বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে কোচদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এক পর্যায়ে একজন ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হয়, পরের ধাপে গিয়ে অনেক সময় সেই কাজই আবার করতে হয়। এতে ক্রিকেটারের উন্নতির ধারাবাহিকতা ব্যাহত হয়, অপচয় হয় মূল্যবান সময়েরও।
এই সমস্যার সমাধানে প্রতিটি বয়সভিত্তিক দলের কোচের মধ্যে সমন্বয় বাড়াতে চায় বিসিবি। একজন ক্রিকেটার অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৭ কিংবা পরবর্তী ধাপে যাওয়ার সময় তার আগের কাজ, দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো সম্পর্কে পরবর্তী কোচকে ধারণা দেওয়া হবে।
সালাউদ্দিন বলেন, ‘আমরা চাই, একজন ক্রিকেটারকে বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে কীভাবে তৈরি করা হয়, সে সম্পর্কে প্রত্যেক কোচের পরিষ্কার ধারণা থাকুক। অনূর্ধ্ব-১৫ পর্যায়ে কোনো ক্রিকেটারকে নিয়ে যে কাজ করা হবে, অনূর্ধ্ব-১৭-তে গিয়ে যেন একই কাজ আবার করতে না হয়।’
শুধু কোচদের সমন্বয় নয়, ক্রিকেটারদের উন্নতি মূল্যায়নেও তথ্য-উপাত্তকে গুরুত্ব দিতে চান বিসিবির এই কর্মকর্তা। তার মতে, একজন ক্রিকেটার এক বয়সভিত্তিক দল থেকে অন্য দলে যাওয়ার সময় তার অগ্রগতির পূর্ণাঙ্গ চিত্র পরবর্তী কোচের হাতে থাকা জরুরি।
এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘ভিত্তি হবে সুনির্দিষ্ট তথ্য। একজন ক্রিকেটার এক ধাপ থেকে অন্য ধাপে গেলে তার উন্নতির গ্রাফ সম্পর্কে যেন পরবর্তী কোচের স্পষ্ট ধারণা থাকে।’