ওয়ানডে সিরিজে নামার আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৫
টেস্ট সিরিজ শেষে এবার শুরু হচ্ছে ৫০ ওভারের লড়াই। তবে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের দল থেকেই ছিটকে গেছেন দুই পেসার জেরাল্ড কোয়েৎজি ও কোয়েনা মাফাকা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই ছিলেন অলরাউন্ডার কোয়েৎজি। প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে পেশির চোটে পড়েছেন এই পেসার। অন্যদিকে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন মাফাকা। অনুশীলনে আবারও চোটের ধাক্কা খাওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
শুধু জাতীয় দল নয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে মাফাকাকে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এই তরুণ পেসারের।
দুই পেসারের অনুপস্থিতিতে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিয়ান ভ্যান ভুরেন। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার ইথান বশ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে বাসন।
আগামী ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৪ ও ৭ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।