নৈতিকতায় দশে ৭, বাকি বিষয়ে কত পেয়েছেন মেসি?
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
ফুটবল মাঠে পায়ের জাদু আর রেকর্ডের ঝলক দেখানো লিওনেল মেসি স্কুলজীবনে কেমন ছাত্র ছিলেন? পড়াশোনায় কি ছিলেন তুখোড়, নাকি ফুটবলের নেশায় বই থেকে দূরেই থাকতেন? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো নম্বরপত্রে মিলেছে সেই প্রশ্নের উত্তর।
১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। সেই সময়ের নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০ এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্প ও সংগীতে ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে।
শারীরিক শিক্ষায় পুরো নম্বর পেলেও অন্য বিষয়গুলোতে ফল ছিল মোটামুটি। তবে নম্বরপত্রটি কোন পরীক্ষার, তা নিশ্চিত নয়। কীভাবে ছবিটি প্রকাশ্যে এসেছে, সেটিও অজানা।
মেসির স্কুলশিক্ষকেরাও জানিয়েছেন, ক্লাসে বেশ শান্ত ও লাজুক ছিলেন তিনি। গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে তিনি বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত।’
নিজেও পড়াশোনায় দুর্বলতার কথা স্বীকার করেছেন মেসি। একবার বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছে হলেও প্রায়ই দেরিতে পৌঁছাতেন। বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনা তার অগ্রাধিকারে ছিল না।
তবে শৈশবের স্কুলকে ভুলে যাননি আর্জেন্টাইন মহাতারকা। তারকা হওয়ার পর একাধিকবার সেখানে গেছেন। তার সহায়তায় স্কুলে এসেছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। সংস্কার হয়েছে খেলার মাঠের বেঞ্চও। পড়াশোনায় খুব একটা ভালো না হলেও ফুটবল মাঠে নিজের প্রতিভার প্রমাণ দিতে কখনো পিছিয়ে ছিলেন না মেসি।