Advertisement
Us Bangla Airlines
হোয়াইটওয়াশ হয়েও কোথায় প্রাপ্তি দেখছেন প্রধান কোচ

হোয়াইটওয়াশ হয়েও কোথায় প্রাপ্তি দেখছেন প্রধান কোচ

খেলা ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১৩:৪২

আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। দুই টেস্টেই হার, একটিতে আবার ইনিংস ব্যবধানে। ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ছিল হতাশার ছাপ। এমন ভরাডুবির সিরিজ শেষেও অবশ্য একটি প্রাপ্তি খুঁজে পেয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার চোখে সেই প্রাপ্তির নাম তাওহীদ হৃদয়।

সিরিজের দুই টেস্টে হৃদয়ের পারফরম্যান্সে মুগ্ধ সিমন্স। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এই ব্যাটারের ক্রমাগত উন্নতিতে সন্তুষ্ট তিনি। সিমন্স বলেন, ‘গত দুই টেস্ট থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। অসাধারণ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে কনকাশন বদলি হিসেবে দলে এসেছিল। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে নিজের সামর্থ্য দেখিয়েছে।’

তবে লাল বলের ক্রিকেটে হৃদয়ের উত্থানের গল্প শুরু আরও আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতেই। বছরের শুরুর দিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ৩৫০ রান করেছিলেন এই ব্যাটার। সিমন্সের মতে, সেটিই ছিল হৃদয়ের সামর্থ্যের প্রথম বড় ইঙ্গিত।

হোয়াইটওয়াশ হয়েও কোথায় প্রাপ্তি দেখছেন প্রধান কোচ

তিনি বলেন, ‘আসলে এর শুরু হয়েছিল বছরের শুরুর দিকে এখানেই। সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সফরে এসে ৩৫০ রান করেছিল। সেটি ছিল তার সামর্থ্যের কেবল পূর্বাভাস। সে উন্নতি করেছে। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ধরন কী হওয়া উচিত, সেটিও বুঝতে পারছে। তার এই অগ্রগতি দেখতে ভালো লাগছে। পুরো সিরিজ থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

একজন ব্যাটারের উন্নতিতে সন্তুষ্ট হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে বিন্দুমাত্র সন্তুষ্ট নন প্রধান কোচ। বরং দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা ব্যাখ্যা করতে গিয়ে সিমন্স বলেন, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে এটা হতাশাজনক, কারণ আমাদের ব্যাটিংয়ে গর্ববোধের অভাব ছিল।’

সিরিজের শুরুতে অবশ্য ব্যাট হাতে ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছিল দল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্যাটাররা। সিমন্সের মতে, প্রথম ইনিংসের পর আর এগোতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করার সুযোগ থাকলেও তা কাজে লাগানো যায়নি।