টানা ১০ ম্যাচে জয় নেই, চাকরি হারাচ্ছেন ফিল সিমন্স
খেলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। মাঠের এই ব্যর্থতার আঁচ এবার পড়তে যাচ্ছে কোচের চেয়ারেও। প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকলেও তার আগেই শেষ হতে পারে বাংলাদেশ অধ্যায়। দক্ষিণ আফ্রিকা সফর শেষেই দায়িত্ব হারানোর শঙ্কায় রয়েছেন এই ক্যারিবীয় কোচ।
গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই ছন্দ হারিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি দল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে হারতে হয়েছে। এমন পরিস্থিতিতে সিমন্সের কোচিং নিয়েই উঠছে প্রশ্ন।
অভিযোগ রয়েছে, ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে পারছেন না সিমন্স। দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবের পাশাপাশি ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় এসেছে। ফলে বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্বে থাকার সম্ভাবনা ক্রমেই কমছে।
সিমন্সের বিকল্প খুঁজতেও অবশ্য বসে নেই বিসিবি। নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে ভেতরে ভেতরে আলোচনা শুরু করেছে বোর্ড। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট। এ ছাড়া পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক এক অধিনায়কের নামও আলোচনায় রয়েছে।
নতুন কোচের ক্ষেত্রে বিসিবির চাওয়া স্পষ্ট। ড্রেসিংরুমে কঠোর শাসন প্রতিষ্ঠা করতে পারবেন, ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করতে জানেন, এমন একজন কোচ খুঁজছে বোর্ড। কদিন আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও পরিবর্তনের আভাস মিলেছিল।
তবে বিশ্বকাপের আগে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কতটা সুফল বয়ে আনবে, সেটিও ভাবাচ্ছে বোর্ডকে। নতুন কোচকে দল গুছিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। অবশ্য বড় টুর্নামেন্টের আগে কোচ পরিবর্তন বিসিবির পুরোনো রোগ। তার আগে সিমন্সের বিদায় নিশ্চিত হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।