বল টেম্পারিংয়ে জড়িত নাথান লায়ন!
খেলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৭:৪২
কেপটাউন টেস্টের সেই কলঙ্কিত বল টেম্পারিং কাণ্ড নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট ঘিরে উঠেছে নতুন অভিযোগ। এবার কাঠগড়ায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। বল টেম্পারিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে তার ক্যারিয়ার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির দাবি, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে সতীর্থদের কাছে বল টেম্পারিংয়ের জন্য মিন্ট চেয়েছিলেন দলের এক সিনিয়র ক্রিকেটার। সেই ক্রিকেটার ছিলেন লায়ন। সতীর্থদের উদ্দেশে তিনি নাকি বলেছিলেন, বলের অবস্থা বদলানোর কাজ কে করবেন?
অথচ এর কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় তোলপাড় হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। তাই লায়নের এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন সতীর্থরা। একজন নাকি তাকে সরাসরিই বলেছিলেন, এমন কাজ আর করা হবে না। তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারও এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন।
নতুন এই অভিযোগের প্রভাব পড়েছে লায়নের জাতীয় দলে অবস্থানেও। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের কোনো ম্যাচেই তাকে বিবেচনা করা হচ্ছে না। যদিও সাম্প্রতিক ফর্মের কারণেও তার বাদ পড়ার ব্যাখ্যা সামনে এসেছে। তবে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে আসার পর তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন লায়ন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন একটি স্বাধীন ফোরামের মাধ্যমে। সংস্থাটির ভাষ্য, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য এটিই উপযুক্ত জায়গা।
এদিকে উসমান খাজার দেওয়া তথ্য সামনে আসার পর ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনা নিয়ে আবারও তদন্তে নামছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে নতুন করে বিষয়টি পর্যালোচনা করবে তারা। তবে নতুন করে কাউকে দায়ী করার পরিকল্পনা নেই বোর্ডের।