Advertisement
Us Bangla Airlines
গোপালগঞ্জে ফুটবল ম্যাচ আয়োজন বন্ধ করল বাফুফে

গোপালগঞ্জে ফুটবল ম্যাচ আয়োজন বন্ধ করল বাফুফে

খেলা ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪২

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সেখান থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না। ফলে নতুন হোম ভেন্যু খুঁজতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘকে।

বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন, ক্লাবগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে চায় না ফেডারেশন। বিকল্প হিসেবে দুই ক্লাবকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। চাইলে প্রতিপক্ষের হোম ভেন্যুতেও ম্যাচ আয়োজন করতে পারবে তারা।

তবে ব্রাদার্স ও আরামবাগ, দুই দলেরই পছন্দ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এ বিষয়ে আগেই বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাব দুটি। আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, ফেডারেশন যে ভেন্যু নির্ধারণ করবে, সেখানেই খেলতে রাজি তারা।

তবে মানিকগঞ্জের মাঠ নিয়ে আপত্তি রয়েছে ব্রাদার্সের। ক্লাবটির কর্মকর্তা আমের খানের মতে, মাঠের অবস্থা ভালো না হওয়ায় সেখানে খেলতে গিয়ে ফুটবলারদের চোটে পড়ার আশঙ্কা রয়েছে। উদাহরণ হিসেবে জামাল ভূঁইয়ার চোটের কথাও উল্লেখ করেছেন তিনি। তাই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলতে চান তারা।

সাফের জন্য প্রায় এক মাস বিরতির পর গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছে দেশের ঘরোয়া ফুটবল। আগামীকাল শুরু হবে লিগের ষষ্ঠ রাউন্ড। কিংস অ্যারেনায় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ফর্টিস ও বসুন্ধরা কিংস। এর আগে বেলা আড়াইটায় মাঠে নামবে আবাহনী ও মোহামেডান।