Advertisement
Us Bangla Airlines
অভিজ্ঞতার দাম রাখলেন না সাব্বির

অভিজ্ঞতার দাম রাখলেন না সাব্বির

খেলা ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ১৯:১২

উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট, নামের মধ্যেই যার পরিচয়। ইংরেজিতে ‘ইমার্জিং’ শব্দটির অর্থ জানেন না, বিসিবিতে এমন কেউ থাকার কথা নয়। অথচ দল নির্বাচনের সময় সেই ভাবনার প্রতিফলন দেখা যায়নি। তরুণদের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন পাঁচজন বয়সী ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী সাব্বির রহমান।

তরুণদের টুর্নামেন্টে সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। ২০১৬ সালের মূল এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকেই হয়তো পুঁজি করতে চেয়েছিল বিসিবি। অন্য দলগুলোও অভিজ্ঞ ক্রিকেটার নিয়েছে, তবে তরুণদের সুযোগ সংকুচিত না করেই। বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নটা উঠেছে সেখানেই।

সাব্বিরকে দলে নেওয়ার পেছনে বিসিবির প্রধান যুক্তি ছিল অভিজ্ঞতা। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবেন, এমন প্রত্যাশা ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার। প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে সেমিতে ১১৮ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ সাব্বিরের কাছ থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ক্রিজে নেমে ভেতরে ঢোকা স্পিন বলে ডিফেন্স করতে পারেননি তিনি। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শূন্য রানে। সবচেয়ে প্রয়োজনের সময় অভিজ্ঞতার ছাপ রাখতে ব্যর্থ হয়েছেন সাব্বির।

এর আগের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেদিন অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে মাত্র ৩ রান করে ফিরেছেন সাব্বির। আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৮ রান করে অযাচিত শটে উইকেট হারিয়েছেন এই ক্রিকেটার।

তাহলে অভিজ্ঞ সাব্বিরকে দলে নিয়ে কী পেল বাংলাদেশ? যে অভিজ্ঞতা দিয়ে তরুণদের পথ দেখানোর কথা ছিল, সেটির প্রতিফলন দেখা যায়নি পারফরম্যান্সে। উল্টো তার জায়গায় কোনো তরুণ ক্রিকেটার সুযোগ পেলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেতেন।

এমআই