ব্যালন ডি’অরের সেরা ক্লাবের তালিকায় নেই রিয়াল-বার্সেলোনা
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন তালিকা প্রকাশ শুরু করেছে ফ্রান্স ফুটবল। ইতোমধ্যেই বর্ষসেরা ক্লাব ও সেরা গোলকিপারের মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানেই বড় চমক, পুরুষদের বর্ষসেরা ক্লাবের তালিকায় নেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও লিভারপুলের মতো ইউরোপের নামী ক্লাব।
পুরুষদের বর্ষসেরা ক্লাবের জন্য মনোনীত পাঁচ দল হলো আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। অর্থাৎ ইউরোপের পরিচিত তিন পরাশক্তির জায়গায় তালিকায় এসেছে নরওয়ের বোদো/গ্লিমট ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী আর্সেনালও পেয়েছে স্বীকৃতি। তাদের সঙ্গে আছে বায়ার্ন ও বর্তমান বিজয়ী পিএসজি। নারীদের বর্ষসেরা ক্লাবের তালিকায় অবশ্য জায়গা হয়েছে বার্সেলোনার। তাদের সঙ্গে মনোনয়ন পেয়েছে বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।
এদিকে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ইয়াসিন ট্রফির জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে আছেন টানা দুইবারের বিজয়ী আর্জেন্টিনার এমি মার্তিনেজ। তবে সর্বশেষ ইয়াসিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার এবার মনোনয়ন হয়নি।
ইয়াসিন ট্রফির তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, আর্সেনালের ডেভিড রায়া ও স্পেনের উনাই সিমন। বিশ্বকাপে আলো ছড়ানো গোলকিপার ভোজিনিয়াও পেয়েছেন মনোনয়ন।
সেরা ক্লাব ও গোলকিপারসহ ব্যালন ডি’অরের বিভিন্ন পুরস্কারের বিজয়ী নির্ধারণ হবে ভোটের মাধ্যমে। ২৬ অক্টোবর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। একই অনুষ্ঠানে দেওয়া হবে ইয়াসিন ট্রফিও।
এমআই