Advertisement
Us Bangla Airlines
লিভিংস্টোনকে দুইবার আউট করা স্পেশাল ছিল

লিভিংস্টোনকে দুইবার আউট করা স্পেশাল ছিল

খেলা ডেস্ক

১৮ জুন ২০২৬, ২১:২৯

কাউন্টি ক্রিকেটে প্রথমবার খেলতে গিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কাউন্টির ডিভিশন-২ বিভাগে কেন্ট দলের হয়ে খেলছেন তিনি। অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন টাইগার পেসার। পুরো ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসের এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন। সেটাই নিজেদের ওয়েবসাইটে তুলে ধরে কেন্ট ক্রিকেট।

প্রশ্ন: আপনার অভিষেক পারফরম্যান্স নিয়ে অনুভূতি কেমন?
হাসান মাহমুদ: আমি মনে করি, একজন ফাস্ট বোলারের জন্য প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া স্বপ্নের মতো। এখানে কীভাবে বল করছি, কীভাবে দলের জন্য আমার সেরাটা দিতে পারছি, সব মিলিয়ে দারুণ লাগছে। এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।

প্রশ্ন: কেন্ট অধিনায়ক থেকে অভিষেক ক্যাপ পাওয়া আপনার জন্য কতটা বিশেষ ছিল?
হাসান মাহমুদ: তিনি একজন খুব ভালো খেলোয়াড়, ব্যাটিংয়ে অসাধারণ এবং কেন্টের হয়ে বহু বছর ধরে খেলছেন। তার কাছ থেকে ডেবিউ ক্যাপ পাওয়া আমার জন্য সত্যিই সম্মানের বিষয়। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। মাঠে সবাই যখন আমার চারপাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছিল, সেটা ছিল অবিশ্বাস্য অনুভূতি।

টেস্টে হাসানের ভালো লাগার মুহূর্ত কোনটি?

প্রশ্ন: ইংল্যান্ডের উইকেটে বোলিং করতে গিয়ে কী ধরনের পরিবর্তন আনতে হয়েছে?
হাসান মাহমুদ: বাংলাদেশের তুলনায় এখানে উইকেট অনেক বেশি ফুল এবং ব্যাটিং-ফ্রেন্ডলি। এখানে ফুলার লেন্থে বল করলে বেশি উইকেট পাওয়া যায়, কারণ কন্ডিশনের কারণে বল সুইং করে। আমি কিছুটা অ্যাডজাস্ট করেছি এবং সেই অনুযায়ী বোলিং চালিয়ে গেছি।

প্রশ্ন: অভিষেক ম্যাচে নেওয়া উইকেটগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বিশেষ?
হাসান মাহমুদ: আমি কয়েকটা উইকেট পেয়েছি, তবে আমি বলব লিভিংস্টোনের উইকেটটা সবচেয়ে বিশেষ। তাকে আমি দুইবার আউট করেছি, এটা সত্যিই দারুণ লাগছে। ও লাল বলের ক্রিকেটে বেশ কিছুদিন পর ফিরেছিল, তাই তাকে আউট করতে পারাটা আরও ভালো লেগেছে।

প্রশ্ন: ইংল্যান্ডে ডিউক বল দিয়ে বোলিং করা কেমন অভিজ্ঞতা?
হাসান মাহমুদ: আমি আন্তর্জাতিক ক্রিকেটে কোকাবুরা বল ব্যবহার করেছি, আর এখানে ডিউক বল দিয়ে খেলছি। আলাদা কন্ডিশন, আলাদা সারফেস—সব মিলিয়ে এটা আমাকে খুবই উৎসাহ দিচ্ছে। নতুন কিছু শিখতে পারছি, উন্নতি করার সুযোগ পাচ্ছি।

হাসানকে কেন বারবার ব্যাটিংয়ে পাঠালেন জাকের?

প্রশ্ন: কেন্টের হয়ে ক্যান্টারবুরি ক্রিকেট উইক নিয়ে কতটা উচ্ছ্বসিত?
হাসান মাহমুদ: আমি খুবই উচ্ছ্বসিত। এখানে অনেক দর্শক আসবে খেলা দেখতে। আমি যদি আমার সেরা খেলাটা খেলতে পারি, উইকেট নিতে পারি এবং দলকে জেতাতে পারি, তাহলে সেটা আমার জন্যও অনেক ভালো হবে। দলের সবাইও পরের ম্যাচ নিয়ে খুব আত্মবিশ্বাসী।

প্রশ্ন: বিশ্বকাপ চলাকালীন আপনি কোন দলকে সমর্থন করছেন?
হাসান মাহমুদ: আমি সাধারণত কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করি না। তবে এখানে থাকায় আমি ইংল্যান্ডকেই সাপোর্ট করছি। গতকাল তাদের ম্যাচ দেখেছি, তারা খুব ভালো খেলেছে।

প্রশ্ন: সামনে আপনার পরিকল্পনা কী?
হাসান মাহমুদ: এই ম্যাচের পর আমি বাংলাদেশে ফিরে যাব জাতীয় দলের দায়িত্ব এবং লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য। এরপর সেপ্টেম্বরে কেন্টের হয়ে চারটি চারদিনের ম্যাচ খেলতে আবার ফিরব।