পিএসএলে কত টাকায় দল পেলেন মোস্তাফিজ?
খেলা ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৮
পিএসএল নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি টাকার অঙ্কও প্রকাশ করেছে দলটি।
পিএসএলের নিয়ম অনুযায়ী, সরাসরি চুক্তিতেও অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মোস্তাফিজের সঙ্গে চুক্তির মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। অর্থাৎ, পিএসএলে এবারের আসরে এটাই মোস্তাফিজের দামই।
পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল এবার পা রাখছে ১১তম আসরে। আগের ১০ মৌসুমে খেলোয়াড় দলে নেওয়া হতো ড্রাফট পদ্ধতিতে। তবে এবারই প্রথমবার নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় বাছাই করবে দলগুলো। যেখানে লড়াই করবে মোট ৮টি দল।
মোস্তাফিজ ও লাহোর কালান্দার্সের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৭–১৮ মৌসুমেও পিএসএলে লাহোরের জার্সিতে খেলেছিলেন তিনি। তাই এবারের অন্তর্ভুক্তিকে ‘পরিবারে ফেরা’ বলেই উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। শুধু মোস্তাফিজ নয়, লাহোরের হয়ে খেলেছেন তামিম, সাকিব, রিশাদ ও মিরাজ।
এদিকে চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল মোস্তাফিজের। ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি বিসিসিআই তাঁকে আইপিএল থেকে অব্যাহতি দেয়।
এমআই