Advertisement
Us Bangla Airlines
তামিম ফিরতেই প্রিমিয়ার লিগ খেলতে রাজি ১২ ক্লাব

তামিম ফিরতেই প্রিমিয়ার লিগ খেলতে রাজি ১২ ক্লাব

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ২২:৪৪

অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেই সমাধানের পথ বের করলেন তামিম ইকবাল। এত দিন বোর্ড নিয়ে আপত্তি জানিয়ে খেলতে অনাগ্রহী ক্লাবগুলো লিগে অংশ নেবে। ফলে ১২ দল নিয়েই শুরু হচ্ছে এবারের আসর।

আজ ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেন বিসিবি সভাপতি। আগের বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দূরে থাকা ক্লাবগুলোর অবস্থান বদলে যায় এই বৈঠকের পরই। নতুন নেতৃত্বে আস্থা রেখে তারা লিগে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।

সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচি, বিশেষ করে মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এই চার দিনের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। বিসিএলের প্রথম দুই রাউন্ড শেষে বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ।

দলবদলের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ এপ্রিল। ক্লাবগুলোর আর্থিক সহায়তাও বাড়িয়েছে বিসিবি। অনুদান ১৫ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ টাকা। আগের আসরের মতো এবারও বিদেশি ক্রিকেটার রাখা হচ্ছে না, যাতে স্থানীয় খেলোয়াড়রা বেশি সুযোগ পায়।

সময়ের সীমাবদ্ধতায় এবারের লিগে থাকছে না সুপার লিগ পর্ব। সিঙ্গেল লিগ পদ্ধতিতেই পয়েন্ট তালিকার শীর্ষ দল শিরোপা জিতবে। ক্লাবগুলোর সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। ম্যাচের দিনে খাবারের ব্যবস্থা করবে বিসিবি। পাশাপাশি উন্নত মেডিকেল সাপোর্ট ও আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের দাবিও উঠে এসেছে।

এদিকে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও নতুন করে ভাবছে বোর্ড। সব ক্লাবকে নিয়ে পুনরায় এই দুটি লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য আগামী শনিবার সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ডাকা হয়েছে।

এর আগে বোর্ড সংকটের জেরে প্রথম ও দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ কমে গিয়েছিল। তবে নতুন নেতৃত্বে সেই স্থবিরতা কাটিয়ে আবারও পূর্ণাঙ্গ প্রতিযোগিতার পথে হাঁটতে চায় দেশের ঘরোয়া ক্রিকেট।

এমআই