Advertisement
Us Bangla Airlines
সিরিজ জিতিয়ে সুখবর পেলেন তামিম

সিরিজ জিতিয়ে সুখবর পেলেন তামিম

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৬, ১৬:৫৩

ধারাবাহিক শব্দটা যেন তানজিদ তামিমের অভিধানে নেই। ব্যাট হাতে প্রায়ই ফিফটি হাঁকালেও বাকি ম্যাচে তার অবস্থান নাজুক। ফলে ৫৩ ম্যাচে ১৩ ফিফটি করেও এই ওপেনারের রানসংখ্যা দেড় হাজার ছাড়ায়নি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ফিফটি করে ক্যারিয়ারসেরা অবস্থানে জায়গা নিয়েছেন এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে কেবল দুইবার ব্যাক টু ব্যাক ফিফটি করেছেন তামিম। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে অর্ধশতক করেছেন তিনি। সেই ম্যাচগুলোতে অবশ্য জয় পায়নি বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ ফিফটি করে ম্যাচ জয়ে অবদান রেখেছেন এই ক্রিকেটার।

গত শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ, ম্যাচটি ৩৪ রানে জেতে বাংলাদেশ। এরপর রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে রান তাড়ায় ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে জয়ে ম্যাচের সেরা হন বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তারই হাতে।

এই পারফরম্যান্সে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন তানজিদ, রেটিং পয়েন্ট ৬৪৯। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এত রেটিং পয়েন্ট কখনোই অর্জন করতে পারেননি এই ব্যাটার। ক্যারিয়ারসেরা অবস্থান নিয়ে তিনিই এখন বাংলাদেশের মধ্যে সবার উপরে রয়েছেন। এরপরেই আছেন আরেক ওপেনার সাইফ হাসান।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের মধ্যে তামিম-সাইফের উন্নতি হলেও টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এগিয়েছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। সিরিজ জয়ের পেছনে এই দুই স্পিনার কার্যকরী ভূমিকা রেখেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন মেহেদি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে বর্তমানে ১৯তম স্থানে এই স্পিনিং অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে চার উইকেটসহ মোট পাঁচটি নেওয়া লেগ স্পিনার রিশাদের উন্নতি হয়েছে আট ধাপ। যৌথভাবে ২৫ নম্বরে আছেন এই লেগি।

এছাড়া তিন ম্যাচে কোনো উইকেট শিকার করতে না পারলেও ৯ ধাপ উন্নতি হয়েছে তাসকিনের। ৬৯তম স্থানে উঠে আসা এই বোলার জিম্বাবুয়ে সিরিজে বেশ মিতব্যয়ী ছিলেন।

এমআই