নাহিদের ইনজুরি ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক
খেলা ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৯:২৬
জিম্বাবুয়ে সফরে গিয়ে ইনজুরিতে পড়েছেন নাহিদ রানা। অগুরুত্বপূর্ণ এই সিরিজে নাহিদকে খেলানো নিয়ে চটেছেন অনেকেই। অল্পদিনে তারকা বনে যাওয়া এই পেসারকে হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন সাবেক অধিনায়ক আকরাম খান।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো আমরা কোনো ম্যাচ হারতে চাই না। এই মানসিক চাপটা কর্মকর্তাদের যেমন থাকে, তেমনি খেলোয়াড়দের ওপরও থাকে। কিন্তু সব ম্যাচে নাহিদ রানাকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি, তাহলে সেটা আমাদের জন্য বিরাট ক্ষতি হবে।’
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সফর সামনে রেখে ব্যাটিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। তার চোখে বর্তমানে দলের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং। অজিদের বিপক্ষে ভালো করতে এই বিভাগে ধারাবাহিক হওয়া ছাড়া উপায় নেই।
আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়ায় ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। কিন্তু ওখানে ব্যাটিংটাই আমাদের সবচেয়ে বড় মাথাব্যথা। ধারাবাহিকতায় আমরা খুবই পিছিয়ে। তবে বোলিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এক সময় আমরা ব্যাটিংয়ের ওপর নির্ভর করতাম, এখন বোলাররাই ভালো করছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া খুব কঠিন প্রতিপক্ষ। তাদের উইকেটও আমাদের কন্ডিশনের মতো নয়। তাই কাজটা কঠিন হবে। তবে আগে থেকেই কিছু বলা যায় না। আমরা তো এর আগেও অস্ট্রেলিয়াকে হারিয়েছি।’
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। টেস্টে বাজেভাবে হারার পর দল মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর ওয়ানডেগুলোও হারলাম। আমার মনে হয়, আমরা পরিস্থিতির চাহিদা অনুযায়ী ক্রিকেট খেলতে পারছি না।’
এমআই