Advertisement
Us Bangla Airlines
১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১৬:২১

দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২৮ মে শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে এই টেস্ট। লর্ডসের ম্যাচটি হবে ইংল্যান্ডের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ১৮ জুন ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগে এটিই হবে তাদের শেষ টেস্ট। অ্যাশেজের প্রস্তুতি নিতেই বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড।

সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় দেড় দশক পর আবারও ইংলিশ মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। দুই দলের সর্বশেষ টেস্ট লড়াই হয়েছিল ২০১৭ সালে মিরপুরে, যেখানে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘লর্ডসে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দিতে আমরা মুখিয়ে আছি।’

পুরুষ দলের সফরের পাশাপাশি ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। টাইগ্রেসরা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

বাংলাদেশ পুরুষ দলের ইংল্যান্ড সফরের সূচি
২৮ মে–১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস

বাংলাদেশ নারী দলের ইংল্যান্ড সফরের সূচি
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্দাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, কান্টেরবেরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড

এমআই