Advertisement
Us Bangla Airlines
মাঠে নামার আগেই দ্য হান্ড্রেড থেকে বিদায় মোস্তাফিজের

মাঠে নামার আগেই দ্য হান্ড্রেড থেকে বিদায় মোস্তাফিজের

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১৭:৩১

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার অপেক্ষা ছিল। তবে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল মোস্তাফিজুর রহমানের সেই অধ্যায়। চোট কাটিয়ে সময়মতো ফিট হতে না পারায় ইংল্যান্ডের ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মোস্তাফিজের দল বার্মিংহাম ফিনিক্স। তারা জানিয়েছে, মোস্তাফিজের পরিবর্তে শিগগিরই নতুন একজন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের কোনো ক্রিকেটারের দ্য হান্ড্রেডে এটিই হওয়ার কথা ছিল প্রথম অংশগ্রহণ। তবে ইনজুরির কারণে শুরু থেকেই অনিশ্চয়তায় ছিলেন মোস্তাফিজ। গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান তিনি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।

যদিও কয়েকদিন পর বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই দলে যোগ দেবেন মোস্তাফিজ। ইংল্যান্ডে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থাও মূল্যায়ন করার পরিকল্পনা ছিল তাদের। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।

ইংল্যান্ডে যাওয়ার আগেই বার্মিংহাম ফিনিক্স ও বিসিবির মেডিকেল বিভাগের আলোচনায় সিদ্ধান্ত হয়, দেশে থেকেই মোস্তাফিজের ফিটনেস মূল্যায়ন করা হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।

তবে সেই পরীক্ষার অপেক্ষাও করতে হলো না। তার আগেই দ্য হান্ড্রেড থেকে মোস্তাফিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বার্মিংহাম ফিনিক্স।

এমআই