টুর্নামেন্টের মাঝেই সাকিবদের দলের মালিকানা বদল
খেলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৯:০৪
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলার মাঝেই মালিকানা বদলে গেল সাকিব আল হাসানের দল জাফনা কিংসের। ফ্র্যাঞ্চাইজি চুক্তির আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দলটির মালিক স্পোর্টস কমিউনের সঙ্গে চুক্তি বাতিল করেছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এখন থেকে জাফনা কিংসের পরিচালনার দায়িত্ব নেবে আইপিজি ও এসএলসি। তবে দলের নাম, খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি মালিকানা পরিবর্তনের জন্য মাঠের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আইপিজি।
এবারের এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া তাসকিন আহমেদ দলটির হয়ে খেলার কথা থাকলেও সরে দাঁড়িয়েছেন। এলপিএলের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন এই পেসার।
এদিকে জাফনা কিংসের মালিকানা পরিবর্তনের পেছনে রয়েছে আর্থিক জটিলতা। ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক মনজোত কালরা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দলটির আর্থিক কাঠামোতে সংকট তৈরি হয়। স্পন্সরদের অর্থ খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের কাছে যথাসময়ে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতির প্রভাব দেখা যায় গতকাল ২২ জুলাইয়ের ম্যাচে। এদিন জাফনা কিংসের খেলোয়াড়েরা জার্সিতে থাকা স্পন্সর লোগো কালো টেপ দিয়ে ঢেকে মাঠে নামেন। এরপর জরুরি পদক্ষেপ নেয় আইপিজি ও শ্রীলঙ্কা ক্রিকেট।
আইপিজি জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সব চুক্তির দায়িত্ব এখন তারা ও শ্রীলঙ্কা ক্রিকেট দেখবে। ইতিমধ্যে বকেয়া পারিশ্রমিকের প্রায় ৯০ শতাংশ পরিশোধ করা হয়েছে। বাকি অর্থও চুক্তি অনুযায়ী পরিশোধ করা হবে।
আইপিজির প্রধান নির্বাহী অনিল মোহন বলেছেন, এলপিএলের স্বচ্ছতা ও স্থিতিশীলতা ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাফনা কিংস আগের নামেই টুর্নামেন্টে অংশ নেবে এবং এলপিএলের ষষ্ঠ আসর নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
এমআই