গ্লোবাল সুপার লিগের অভিষেকে ব্যর্থ ইমন
খেলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ২৩:০২
নতুন আসর, পুরোনো দল। তবে ব্যাট হাতে শুরুটা রাঙাতে পারলেন না পারভেজ হোসেন ইমন। গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র ৩ রান করে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার।
গায়ানায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল পার্থ স্কর্চার্সের মুখোমুখি হয় লাহোর কালান্দার্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নবম ওভারে চার নম্বরে ব্যাট করতে নামেন ইমন।
প্রথম তিন বল ডট খেলার পর চতুর্থ বলে রানের খাতা খোলেন তিনি। শেষ পর্যন্ত ৯ বল মোকাবিলা করে করেন মাত্র ৩ রান।
ইমনের সমাপ্তি ঘটে দ্বাদশ ওভারে। বাঁহাতি স্পিনার ডি'আর্চি শর্টকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি তিনি। শর্ট মিডউইকেটে অ্যাশটন অ্যাগার দারুণ এক ক্যাচ নিয়ে তার ইনিংসের ইতি টানেন। তখন লাহোর কালান্দার্সের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ইমনের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেছিলেন ৪৭ রান। এরপর জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৩০ রান। গ্লোবাল সুপার লিগেও দেখা গেল একই দশা।
এমআই