Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ১৪:৩৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে দুই ম্যাচের এই সিরিজে খেলতে পারবেন না তরুণ পেসার নাহিদ রানা। ফলে সফরের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার হারাল নাজমুল হোসেন শান্তর দল।

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। এই সিরিজ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে দল ঘোষণা করেছে। তবে সময় নিচ্ছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পেয়েছিলেন নাহিদ। শুরু থেকেই তার অস্ট্রেলিয়া সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার সেটিই বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, স্ক্যান রিপোর্টে তার গ্রেড টু সাইড স্ট্রেইন ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।

নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি বলেই বিবেচিত হচ্ছে। স্কোয়াড ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও আলোচনায় উঠে এসেছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে উল্লেখ করে, ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থের কারণে নাহিদ ইতোমধ্যেই নজর কেড়েছেন।

তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। লিটন দাস চোটে আক্রান্ত হলেও তার স্ক্যান রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তার খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

এমআই