এমন রেকর্ড করতে চাননি সাকিব
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১৬:১৯
শূন্য রানে আউট হওয়ার রেকর্ড কোনো ব্যাটারের কাছেই কাঙ্ক্ষিত নয়। তবু এলপিএলে গোল্ডেন ডাকের পর এমন এক রেকর্ডেই নাম উঠেছে সাকিব আল হাসানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড এখন এই অলরাউন্ডারের।
গল গ্যালান্টসের বিপক্ষে জাফনা কিংসের হয়ে প্রথম বলেই আউট হন সাকিব। এ নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ডাকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। এত দিন ৩২ ডাক নিয়ে বাংলাদেশের হয়ে এই রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। এক ডাক বেশি নিয়ে এখন শীর্ষে সাকিব।
শুধু বাংলাদেশের তালিকাতেই নয়, স্বীকৃত টি-টোয়েন্টির সর্বোচ্চ ডাকের তালিকাতেও আছেন সাকিব। ৩৩ ডাক নিয়ে তিনি রয়েছেন নবম স্থানে। এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। ৩৮৭ ইনিংসে ৫৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সর্বোচ্চ ডাকের ৫০ জনের তালিকায় আছেন শুধু সাকিব ও সৌম্য।
ম্যাচে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে জাফনা কিংস। ২৪ রানেই দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। তবে ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ পাননি। প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয় তাকে।
এর আগে জাফনার ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ১৯৩ রান তোলে গল গ্যালান্টস। পরে সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জাফনা। সাকিবের গোল্ডেন ডাক ম্যাচের সেই চাপ আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ৬০ রানের পরাজয় নিয়ে ম্যাচ শেষ করে জাফনা।
এমআই